গ্রামে কাজ না থাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশ ঢাকায় এসেছেন : জরিপ
ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই এসেছেন অন্য জেলা থেকে। এসব চালকদের মধ্যে ৮৪ শতাংশই আবার গ্রামে কাজের সুযোগ না থাকায় রাজধানীতে এসেছেন। ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছর ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় জানা গেছে, জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ৬ শতাংশ চালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। এ কারণে তাঁদের নিয়মিত জরিমানা, চাঁদা ও হয়রানির শিকার হতে হচ্ছে। দুই-তৃতীয়াংশ চালক কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
জরিপ অনুযায়ী, ভাড়ায় রিকশা চালান ৭৮ দশমিক ২ শতাংশ চালক । তাঁদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না। অর্থাৎ অধিকাংশ চালকের হাতে কোনো সঞ্চয় নেই।
গবেষণায় বলা হয়েছে, জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। চালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনও দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনও বক্তব্য রাখেন।
আই/এ