থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সদস্য আটক
থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বাসের আলম ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য।
বাসের আলম নাশকতার পরিকল্পনা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার নামে পাঁচটি মামলা রয়েছে।
বাসের আলম ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে জানা গেছে।
এমএ//