দেশজুড়ে

পুলিশের গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ি পাশেই মহাসড়কে  নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিটন শেখ, ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ এবং চান শেখ। লিটন শেখ জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে। ইউনুস আলী নিশাত দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে। অন্যদিকে চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা জুলাই আন্দোলনের সময় সিরাজগঞ্জের হত্যা মামলার আসামি। তারা এতদিন পলাতক ছিল।

বুধবার সকালে মিছিলের ঘটনাটি ঘটে। ওই দিন বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় পুলিশের টহল গাড়ির পাশেই বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে এ সময় পুলিশ কাছে এলে মেরে ফেলানোর হুমকি দেয়া হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন মিছিল  হলো, তা নিয়ে আলোচনা তৈরি হয়।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।

ওসি মো. রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন