বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস থাইল্যান্ডের
থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজনে যাওয়া বাংলাদেশী রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদিকে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছেন থাই রাষ্ট্রদূত।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাদ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভিসা আবেদন করেন; তাদের প্রতি থাইল্যান্ডের উদার সমর্থনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের অনুরোধ জানান।
রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, যাদের প্রয়োজন, সেই সব রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান করা হবে।
হুমায়ুন কবির আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-এ যোগদানের আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়া গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।
থাই রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
এমজে/এ