জাতীয়

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বড় কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে সরকার। এ খাতে ২৫ লাখ মানুষের কাজের সুযোগ তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের সহায়তায় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এই নীতিমালা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’

দেশের তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’

এসএমই খাতের উন্নয়নে নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।’

এদিকে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় আটটি বিভাগে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), অতি ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), নবীন উদ্যোক্তা, পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেলা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তাসহ ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন