বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য নেই : রণধীর জয়সোয়াল
বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের চলমান বিক্ষোভের পেছনে নয়াদিল্লিতে অবস্থান করা ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের বিষয়ে ভারতের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো অগ্রগতি হয়েছে কিনা এ বিষয়ে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই। আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদী ও পানিসম্পদ-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
যৌথ নদী কমিশনের সম্ভাব্য বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, সে প্রশ্নেও স্পষ্ট উত্তর দেননি তিনি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সাময়িকভাবে নবায়ন হবে, নাকি পূর্ণাঙ্গ নতুন চুক্তি হবে- এ প্রশ্নেরও জবাব এড়িয়ে যান জয়সোয়াল।
আই/এ