দেশজুড়ে

নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের (৩৬)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদা না দেয়ায় এক কিশোর গ্যাং নেতা তাকে হত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত পাঁচ দিন আগে সজিব নামে স্থানীয় এক কিশোর গ্যাং নেতা ওই ব্যাংকে গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের মরদেহ, কীভাবে মানবো?’

অভিযুক্ত আবরাদ হাসান সজিব স্থানীয় কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সজিব নামে একজন এ হত্যার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন