চুরি হয়ে যাওয়া পুলিশের সেই গাড়ি উদ্ধার
চুরির কয়েক ঘন্টা পর উদ্ধার হলো পুলিশের পিকআপ ভ্যানটি। হালিশহরের ছোটপুল থেকে অন্তত ১৫ কিলোমিটার দূরে কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট বাজারে গাড়িটি রেখে ‘চোর’পালিয়েছে। এর আগে দুপুরে হালিশহরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে গাড়িটি চুরি হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাজারের কাশেম টাওয়ারের সামনে থেকে কর্ণফুলী থানা পুলিশ গাড়িটি উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
তিনি গণমাধ্যমকে বলেন, চুরির ঘটনার পরপরই সেটি উদ্ধারে পুরো সিএমপিতে জোর তৎপরতা চলছিল। বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়। এর মধ্যে জানতে পারি ফকিরনিরহাট বাজারে পুলিশের একটি পিকআপ ভ্যান পাওয়া গেছে। আমরা গিয়ে সিএমপি-১৮০ নম্বরের গাড়িটি পাই।’
তিনি আরও বলেন, ‘গাড়িটি সম্ভবত আনোয়ারা-বাঁশখালীর দিকে নিয়ে যাবার চেষ্টা হয়েছিল। পুলিশের তৎপরতার মুখে ফেলে পালিয়ে গেছে।’
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, হালিশহর থানা পুলিশের টহল টিম গাড়িটি নিয়ে বের হয়েছিল। টহল শেষে গাড়িটা পুলিশ লাইনের সামনে পার্ক করে রেখে টিমের সদস্যরা সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন। ভাত খেয়ে ফিরে এসে দেখেন তাদের গাড়িটি সেখানে নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন ‘চোর’গাড়িতে উঠে সেটা নিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এদিকে, পুলিশের গাড়ি চুরি করা সন্দেহভাজনকে শনাক্ত করেছে হালিশহর থানা। তার বাড়ি নগরীর ডবলমুরিং এলাকায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমজে/এ