দেশজুড়ে

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী  টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। আহত এসআই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। এসময় এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশ অনুরোধ করে। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

এ ঘটনায় গত ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন