ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলেছে এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ জানিয়েছে পুলিশ। তার মুঠোফোনে আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য জীবন বাজি রেখে মাঠে নামার বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মুঠোফোনে পাওয়া এসব বার্তার ভিত্তিতেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান ডিআইজি।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’
তিনি আরও জানান, এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান করে পুলিশের সদরদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এরপর তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত, এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মুঠোফোনে পাওয়া বার্তাগুলোর তথ্য কীভাবে যাচাই করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানান ডিআইজি।
তিনি বলেন, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে মুঠোফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।’
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় প্রাথমিক অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদরদপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। পাশাপাশি বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এসি//