প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরতে হবে : রিজভী
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন , প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা ও সাজা থাকলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই এ ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একাত্তরে ৯ মাসের যুদ্ধে ভৌগোলিক স্বাধীনতা অর্জন হয়েছে। কিন্তু তার মাধ্যমে জনগণের স্বাধীনতা অর্জিত হয়নি। ৭ নভেম্বর হচ্ছে জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন। আমাদের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না, তা হবে জনগণের ইচ্ছে অনুযায়ী। ১৯৭৫ সালের এই দিনেই সেটি নিশ্চিত হয়েছিল।
তিনি বলেন, নাগরিক ও ভৌগোলিক স্বাধীনতা এনেছিলেন জিয়াউর রহমান। দেশ কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। জিয়াউর রহমান তা প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। কিন্তু আমাদের দেশে বারবার গণতন্ত্রের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়ে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের অভিযোগ সামনে আসে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
সভায় আরও ছিলেন– জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মাদ এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রুনা লায়লা।
আই/এ