বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করতে প্রস্তুত তুরস্ক: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে গত ১০ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের জন্য নিজের ও তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন এরদোয়ান।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে এরদোয়ানের দেওয়া আশ্বাস তুলে ধরে হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।’
বৈঠকটির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক করছেন। এর সংখ্যা তিন থেকে চারটি বা এর কিছু বেশি হতে পারে। সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় আয়োজন।
হুমায়ুন কবির আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৈশ্বিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিতে এ বৈঠকের গুরুত্ব রয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই নেতার আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ ছাড়া রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এবং ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়েও দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।