একই ঘরে ঝুলছিল বাবার মরদেহ, মেঝেতে পড়ে ছিল পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহ
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরের মেঝেতে পাওয়া গেছে তার পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তার দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে জাহেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পাশাপাশি পড়ে ছিল তার দুই মেয়ের মরদেহ।
ঘটনার সময় পারিবারিক একটি কাজে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তারা বাড়িতে ফিরে ঘরের ভেতরে মরদেহগুলো দেখতে পান। তবে পরিবারের সদস্যরা কোনো বিরোধের কথা জানাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে পারিবারিকভাবে জাহেদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তারা চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন জাহেদ। তার পেশা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, জাহেদ হোসেন ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এসি//