ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
রাজধানীর উত্তরখান থানা এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আমিনুর রহমানকে আটক করেছে পুলিশ। ইমার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট। স্বামীর সঙ্গে তিনি উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) নিসার আলী তিতুমীর।
তিনি বলেন, খবর পেয়ে রবিবার রাত পৌনে ১১টার দিকে উত্তরখানের হেলাল মার্কেট মেরাদিয়া রোডসংলগ্ন ‘সোনালী পাবনা’ নামের ১০ তলা ভবনের ৯/এফ ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন।
নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, প্রায় ১১ মাস আগে আমিনুরের সঙ্গে ইমার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন। উচ্চশিক্ষার জন্য তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল। ইমা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো সুযোগের আশায় সাত-আট মাস আগে তারা ঢাকায় আসেন। এরপর ইমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
এসআই নিসার আলী তিতুমীর জানান, এ ঘটনায় নিহতের স্বামী আমিনুরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমজে/এ