দেশজুড়ে

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় দফায় দফায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।

শ্রমিকদের দাবি, তিন দিন আগে পুলিশের মারধরে এক নারী শ্রমিক আহত হন। পরে ওই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। তবে পুলিশ জানিয়েছে, ওই নারী শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব।

নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগের বিচার দাবিতে বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকরা। একপর্যায়ে পুলিশ ১০ থেকে ১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আশপাশের কারখানাগুলোতে খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা অবস্থান পরিবর্তন করে আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবারও শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।

তিনি আরও জানান, শ্রমিকেরা তিনটি স্থানে বারবার সড়ক অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন