জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা বজায় রাখতে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়ও তাদের মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের সরাসরি সম্প্রচারিত দৃশ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন