আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা যায়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে নোটিশ পেয়ে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ৪০টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র্যাব ও বিজিবি।
এদিকে, কাজে যোগ দেওয়ার পরও কর্মবিরতি পালন করায় আরও ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকায় বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসি//