দেশজুড়ে

১২ দিন ধরে বন্ধ এপেক্স ফুটওয়্যার, বিদেশি অর্ডার হারানোর শঙ্কা

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইউনিট-১ কারখানাটি ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিদেশি ক্রেতাদের (বায়ারদের) অর্ডার ধরে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আরিফুর রহমান কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ০১ নভেম্বর তৈরি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফিপুর-চন্দ্রা এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করলেও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইউনিট-১ কারখানা চালু রাখা হয় । এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি বিবেচনায় দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। 

এ সময় কারখানার প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করলে কারখানা কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিয়ে চার দিনের ছুটি ঘোষণা করে। তবে নির্ধারীত সময়ের মধ্যে হামলার ঘটনায় কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

পরে ৮ নভেম্বর সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় হামলার বিচারসহ মোট ১৬ দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ ৮ ও ৯ নভেম্বর আরও দুই দিনের ছুটি ঘোষণা করে।

ছুটি শেষে ১০ নভেম্বর শ্রমিকরা কারখানায় প্রবেশ করে আবারও কর্মবিরতি পালন করেন এবং ১৬ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষের অবস্থান জানতে চান। এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে কাজে যোগদানের অনুরোধ করেন। তবে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা ত্যাগ করেন।

এ ঘটনায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পিসি মেম্বার পারভেজ আহমেদ বলেন, 'শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জেনেছি। তারপরও শ্রমিকরা কেন এ ধরনের পরিস্থিতি তৈরি করছেন, তা বুঝতে পারছি না।'

পরে সেদিন বিকেলে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে প্রধান ফটকে 'কারখানা বন্ধ' সংবলিত নোটিশ  টাঙিয়ে দেয়।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আরিফুর রহমানের সঙ্গে মুঠোফোনে  বলেন, 'বর্তমানে কারখানা বন্ধ রয়েছে। এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।' বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে টানা ১২ দিন ধরে কারখানা বন্ধ থাকায় যেমন শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার ধরে রাখা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে কারখানাটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন