আন্তর্জাতিক

সুযোগের অপেক্ষায় ওৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজরদারির ফাঁক পেলেই বাংলাদেশিরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে পারে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তের ওপারে বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় ওৎ পেতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (০৮ নভেম্বর) উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বিএসএফের ভাসমান নিরাপত্তা চৌকি ও ইছামতি নদীর সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেন।

পরে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্টটি পরীক্ষা করেছি—যেখান থেকে দূরবীন ব্যবহার করে এলাকাটি স্ক্যান করেছি—এবং বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। তারা ওৎ পেতে বসে আছে, বিএসএফ ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেই সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে।’

বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা দেওয়া হবে না বলেও জানান শুভেন্দু। এ ছাড়া সীমান্ত সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, সীমান্ত সশস্ত্র বাহিনী (এসএসবি) ও পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের জন্য ‘সীমামিত্র সম্মান’ নামে নতুন পুরস্কার চালুর ঘোষণা দেন তিনি। নির্বাচক কমিটি এ সম্মানের জন্য যোগ্য ব্যক্তিদের বাছাই করবে।

শুভেন্দুর বক্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ও নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে উল্লেখ করে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তবে এটি কার ব্যর্থতা? কেবল পশ্চিমবঙ্গকে দোষ দেওয়া কি ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।’

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিএসএফ সদস্যদের সম্মান করেন। ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’

এর আগে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান। পরে বিএসএফের স্পিডবোটে ইছামতি নদীর সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সফরে হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধনের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন