প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার নির্দেশ
দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে এসব সড়কের পাশে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নির্দেশনা জারি করেছে। গত ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি হিসেবে মহাসমাবেশে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ককে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। ওই সড়কের পাশে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে অন্তত এক হাজার গাছ লাগাতে হবে। পরে এসব গাছ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পরিচালনা করা হবে।
কর্মসূচি থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ব্যয় করা হবে ওই ইউনিয়নের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে।
স্থানীয় সরকার বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। বাস্তবায়ন শেষে বিভাগকে এ বিষয়ে অবহিত করতেও বলা হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।