আন্তর্জাতিক

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়া

ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেয়নি দেশটি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ২০১০ সালে সই হওয়া প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও পায়নি তাঁর সরকার।

সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে সাইফুদ্দিন বলেন, ‘মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’

পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারত সর্বশেষ কবে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য। একই সঙ্গে ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছিলেন তিনি।

ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে নয়াদিল্লি।

এদিকে গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মালয়েশিয়ার আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠার কথা জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে খবর প্রকাশের পর এ দাবি জোরালো হয়।

এ বিষয়ে মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান বলেছিলেন, দুই নেতার বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে কী আলোচনা হয়েছে এবং কোনো সমঝোতা হয়েছে কি না, তা আনোয়ার ইব্রাহিমের স্পষ্ট করা উচিত। ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সেটিও ব্যাখ্যা করার দাবি জানান তিনি।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে নয়াদিল্লি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছিল, দুই দেশের নেতাদের নয়াদিল্লির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছিলেন।

তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে জানানো হয়েছে, জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে দেশটির সরকারের কোনো অঙ্গীকার নেই।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন