৩ জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, ১১৩৬ রাউন্ড গুলিসহ ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। তাদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে এসআরবি-১২।
এসআরবি জানিয়েছে, সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এমএ//