শ্রমিক আন্দোলনে আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না : রাশেদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আমাদের অবশ্যই সংহতি আছে। কিন্তু এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা সেটির দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। কারণ লং মার্চ থেকে তিনি বলেছিলেন- সরকারের সবকিছু তছনছ করে দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবনের জানাজা শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির এই কথা বললেন এরপরে শ্রমিক আন্দোলন শুরু হলো। পরে সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা তছনছ শুরু করে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে আজকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাসে আগুন দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশের পাঁচ-ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের কর্মকর্তাদের ওপরে, পুলিশের সদস্যদের ওপরে, বিজিবির সদস্যদের ওপরে হামলা করা হচ্ছে। আজকে একটি ভিডিও নিশ্চয় দেখেছেন, কীভাবে একজন পুলিশের সদস্যকে নির্মমভাবে লাঠি দিয়ে আঘাত করছে ছাত্রলীগের এই শ্রমিক নামধারী সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের পর সাধারণ শ্রমিকরা সরকারের ওপর আস্থা রেখেছেন। তারা আন্দোলন থেকে ফিরে গেছেন। কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলন করছে, এরা শ্রমিক না। এরা মূলত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং এই যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চায়। ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে হলে আরেকটি এক-এগারো সৃষ্টি করা লাগবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দুঃখের সাথে বলতে হয় যে গণ-অভ্যুত্থানের আরেকটি শক্তি, যারা এই মুহূর্তে বিরোধী দলে, তারা এই সহিংসতাকে উসকে দিচ্ছে।
আই/এ