রাজনীতি

ক্ষমতায় যেতে জামায়াত ভারতের সঙ্গে লিয়াজো শুরু করেছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্যই ভারতের সাথে লিয়াজো শুরু করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে ভারতের তোষণ করা রাজনীতি করতো, এখন জামায়াত সেই পথেই হাঁটছে। সে কারণেই তারা গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে তিনি এসব কথা বলেন।

তাহসিফ সুরির মৃত্যু প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তার মাধ্যমেই মানুষ প্রথম জানতে পেরেছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর। শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্য তাহসিফ ফেসবুকে শেয়ার করেছিলেন। এর মাধ্যমেই বাংলাদেশের মানুষ জানতে পারে, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, পরবর্তী সময়ে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে তাহসিফকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টা করা হয়েছে, যা দুঃখজনক। কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অধিকতর তদন্ত না করে তাকে ‘র’-এর এজেন্ট হিসেবে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন,  তাহসিফ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, যা তিনি তার একটি পডকাস্টে দেখেছেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিওটি শেয়ার করার কারণে তাকে নানা ধরনের জবাবদিহির মধ্যে আনা হয়েছিল।যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে মনে হয়েছে তাকে হত্যা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন,  যে বন্ধুকে আটক করা হয়েছে, তিনি তাহসিফের সঙ্গেই ছিলেন। তার বন্ধুর কথাবার্তা খুবই সন্দেহজনক। আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংস্থা যথাযথ তদন্ত করবে। এই হত্যার পেছনে কে বা কারা জড়িত, তা বেরিয়ে আসবে।

তিনি বলেন, ‘তাহসিফ হত্যার পর আওয়ামী লীগের নগ্ন উল্লাস দেখেছি। ফলে তার হত্যার পেছনে আওয়ামী লীগের কোনো গুপ্তচর আছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবে।’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন