নদীতে ভাসছিলো দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ
খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সন্ত্রাসী বাহিনী ‘বি-কোম্পানির’সক্রিয় সদস্য ছিলেন। নিহতরা হলেন- উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান (৩৫) এবং সিংহেরচর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩০)।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার জেলখানা ঘাটের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ঘাটের সিংহের চর নামক এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটিতে পানি কমে গেলে একই জায়গায় আরও একটি মরদেহ দেখে তারা পুলিশকে বিষয়টি অবগত করেন। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
দুজনকেই গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর মধ্যে মেহেদীর ওপর ভ্রুর পাশে গুলির চিহৃ রয়েছে। আর রেজাউলের থুতনির নিচে ও পিঠে গুলির চিহৃ রয়েছে।
পুলিশ মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অনুসন্ধান শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ড কীভাবে সংগঠিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত চলছে।’
এমজে/এ