দেশজুড়ে

খুলনায় গৃহবধূকে গুলি করে হত্যা

খুলনায় কুপিয়ে ও গুলি করে খুশি (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী। সুমন সরদার ও তার স্ত্রী খুশি এলাকার চিহ্নিত মাদক মাদক কারবারি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুশি এবং তার স্বামী এলাকার চিহ্নিত মাদক মাদক কারবারি। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি মোটরসাইকেল যোগে এসে দুই যুবকের একজন খুশিকে কুপিয়ে এবং গুলি করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহতের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন