বিএনপি

পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,শ্রমিক বিক্ষোভে পরাজিত শক্তির ইন্ধন আছে। তারা যে দেশকে অস্থিতিশীল করে, শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত হয়েছে, সেটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় নগরের দরগাগেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, জামায়াতের কেউ মদদ দিচ্ছে কি না, এটা এই মুহূর্তে বলা মুশকিল। লংমার্চের মাধ্যমে নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা বলে প্রকারান্তরে তাঁরাও শ্রমিকদের সমর্থন দিচ্ছেন কি না, সেটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘সবাই বলে আপনারা গুপ্ত। কীভাবে গুপ্ত ছিলেন? ছাত্রলীগের মধ্যে আপনারা মিশে ছিলেন, যুবলীগের মধ্যে মিশে ছিলেন। এই কারণে আপনাদের গুপ্ত বলে। কিন্তু বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। একটি নীতি ও আদর্শের জন্য লড়াই করেছে ১৭ বছর।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জামায়াতের আমির বলেছেন, আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। কোন বিপ্লব এটা দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স, অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন? কোন বিপ্লবে আপনারা ছিলেন?’

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন