রাজনীতি

বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক: রিজভী

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কেআইবি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত দিনব্যাপী পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বর্তমানে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এই গ্যাস বিএনপির সরকার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে, বিষয়টি এমন নয়। তাই বিরোধী দলের লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, জনগণের সামনে কিছু একটা দেখানোর জন্যই তারা এ কর্মসূচি নিয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই এবং এটি জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে না। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসতে শুরু করেছে। ইতোমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতিও অনেকটা স্থিতিশীল হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা মোকাবিলায় পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। প্রতিদিন কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা বিরোধীদল আমাদেরকে বলুক।  

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

 

এমএ/এমজে/এ//

এ সম্পর্কিত আরও পড়ুন