আন্তর্জাতিক

গোপনে আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ছবি: সংগৃহীত

তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানোর ঝুঁকি থাকা সত্ত্বেও আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর বড় ধরনের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।  বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবারের মধ্যেই বিমানে করে শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার এখনো এ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে মানবাধিকারকর্মী ও আটক শরণার্থীদের স্বজনদের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আফগানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতে পারে। মূলত কাতারের ‘ক্যাম্প আস সাইলিয়া’ নামের একটি শিবিরে দীর্ঘদিন ধরে আটকে থাকা আফগান শরণার্থীদের নিয়েই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে কয়েক দফায় সময় বাড়িয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এবার আগামী কয়েক মাসের মধ্যে শিবিরটি পুরোপুরি খালি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে আফগান শরণার্থীদের আফ্রিকার দেশ কঙ্গোতে পাঠানোর বিষয়টিও বিবেচনা করেছিল ট্রাম্প প্রশাসন। দেশটিতে অতীতে ইবোলা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব দেখা গেছে।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, পাকিস্তানে পাঠানো হলে সেখান থেকে তালেবান সদস্যরা শরণার্থীদের ধরে আফগানিস্তানে ফিরিয়ে নিতে পারে। এতে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

আফগান শরণার্থীদের সহায়তায় কাজ করা সংগঠন ‘আফগানইভাক’ যুক্তরাষ্ট্র সরকারের এ উদ্যোগের কঠোর সমালোচনা করেছে।

সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়ে সবার মনোযোগ থাকার সুযোগে ট্রাম্প প্রশাসন গোপনে আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে।

সংগঠনটি আরও অভিযোগ করেছে, শরণার্থীদের বহনকারী বিমানগুলো কোথায় অবতরণ করবে, সে তথ্যও ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হচ্ছে। তাদের আশঙ্কা, পাকিস্তানে পৌঁছানোর পর এসব মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

তবে শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়নি। ফলে কাতারের শিবিরে আটকে থাকা আফগানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

সূত্র: মিডলইস্ট মনিটর

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন