আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে দেশটির নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন পোপ। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান তাঁর ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকে নির্বাচনের আগেই ভোট দিয়েছেন পোপ লিও।

ভ্যাটিকানের প্রেস অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত পোপ লিও একজন মার্কিন নাগরিক হিসেবে ভোট দিয়েছেন। তবে নির্বাচনে তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভ্যাটিকান।

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নামে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি। গত ৩ অক্টোবর ভোট দেওয়ার জন্য ব্যালটের আবেদনও করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর। দেশটিতে ২০ বছরের বেশি সময় যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ভ্যাটিকানের নাগরিক হিসেবে সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বেও রয়েছেন।

মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা অনুপস্থিত ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে পারেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করা মার্কিন নাগরিকদের জন্যও এ সুযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন