এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, কেউ পাস করেনি ২৯৩টিতে
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫। সেই হিসাবে এবার এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। অন্যদিকে, ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। আর সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে এ সংখ্যা ৪ হাজার ৫২০। এছাড়া যশোর বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুরে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রামে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেটে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এমএ//