চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সময়ে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় শুরু হওয়া এ প্রক্রিয়া পরে অন্তর্বর্তী সরকারের সময়ে দর-কষাকষির পর্যায়ে যায়। তবে শ্রমিকদের আন্দোলন এবং আলোচনা কমিটির কয়েকজন সদস্যের আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে তা স্থগিত হয়ে যায়।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রক্রিয়াটি আবার শুরু হয়। গেল জুনে নৌপরিবহন মন্ত্রণালয় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি অব্যাহত রাখার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় এবার চুক্তি সই হলো।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গেল অর্থবছরে এই টার্মিনাল দিয়ে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানামা করেছে। বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশই হয়েছে এনসিটির মাধ্যমে।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনা করছে। বিদেশি অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিই টার্মিনালটি পরিচালনা করবে।
এমএ//