মেট্রোরেলে নিরাপত্তা জোরদারে বসছে আধুনিক যন্ত্রপাতি
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরের মতো আধুনিক তল্লাশির ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করা হবে। পাশাপাশি স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হবে ব্যাগ ও অন্যান্য মালামাল।
রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্টেশনগুলোতে ধাতব বস্তু শনাক্তের যন্ত্র ও মালামাল পরীক্ষার স্ক্যানার বসানো হবে। এসব সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি।
ডিএমটিসিএলের স্টোর ও ক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। এতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-সরকারি ক্রয় পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পোর্টালটিতে পাওয়া যাবে।
নতুন ব্যবস্থা চালু হলে স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল স্ক্যান করে পরীক্ষা করা যাবে। একই সঙ্গে প্রবেশপথে স্থাপিত ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে শরীরে বহন করা ধাতব বস্তু চিহ্নিত করা সম্ভব হবে। এতে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা মিলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
তবে কী পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম কেনা হবে, প্রথম ধাপে কোন কোন স্টেশনে এসব যন্ত্র বসানো হবে এবং কবে থেকে নিয়মিত তল্লাশি শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করে জানায়নি ডিএমটিসিএল।
এদিকে, একই দরপত্রে মেট্রোরেলের ছয় নম্বর লাইনের ডিপোতে থাকা বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণের বিষয়টিও রাখা হয়েছে। এর আওতায় কম ভোল্টেজের বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেলচালিত জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, বায়ু চলাচলব্যবস্থা ও অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।
দরপত্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনা যাবে।
এসি//