দেশজুড়ে

‘তোমার কার্ড তুমি নাও, আমাকে ন্যায্য মজুরি দাও’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের পোশাকশিল্প বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়ালেও শ্রমিকদের ন্যূনতম বেতন মাত্র ১২ হাজার টাকা। কোনো সরকারই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেনি বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিকুর রহমান।

তিনি বলেন, যে দেশের মায়েরা অপুষ্টিতে ভোগেন এবং রক্তশূন্যতায় মারা যান, সেই দেশে দুই হাজার টাকার কার্ড দিয়ে সরকার আত্মতুষ্টিতে ভুগছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না করে কার্ড দেওয়ার এই উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘তোমার কার্ড তুমি নাও, আমাকে আমার ন্যায্য মজুরি দাও।’

কৃষি খাতের পরিস্থিতি তুলে ধরে আতিকুর রহমান বলেন, ধানের দাম কম থাকলেও চালের দাম অনেক বেশি। সরকার কৃষি কার্ড চালু করেছে। অথচ এই কার্ড দিয়ে বৃষ্টি হবে কি না, তা-ও জানা যাবে বলে প্রচার করা হচ্ছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বদলে সরকার কার্ড নিয়ে খেলায় মেতে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, টেম্পোস্ট্যান্ড, হাটবাজারসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে। মধ্যস্বত্বভোগীরা ধনী হচ্ছেন, অথচ শ্রমিকদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোচ্চার ভূমিকা রাখবে বলে জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন