শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তিনি এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান তিনি।
কলেজের সামনে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখে বাস থামানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এরপর তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী দেন।
অধ্যক্ষ আরও জানান, কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। এ জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলকক্ষ নির্মাণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তার। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এসি//