আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিনের মধ্যেই বরখাস্ত কেটি জাকারিয়া

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারের পদ ছাড়ছেন কেটি জাকারিয়া। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর তার প্রস্তুতি ও পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পাঁচ দিনের মধ্যেই তার বিদায়ের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার (১৭ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মেরিন ওয়ান হেলিকপ্টারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি জাকারিয়াকে দায়িত্ব ছাড়ার বিষয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে বলেছি, কেটি, এই দায়িত্ব কি সত্যিই তোমার জন্য? সত্যি বলতে, তোমার তো এটা করার প্রয়োজন নেই।’

জাকারিয়ার প্রতি গণমাধ্যমের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, সাংবাদিকেরা জাকারিয়ার সঙ্গে বেশ কঠোর আচরণ করেছেন। এর কয়েক ঘণ্টা পর বিবিসি জানায়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারের পদ ছাড়ছেন তিনি।

এর আগে গেল মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনার মুখে পড়েন জাকারিয়া। মাত্র ১৪ মিনিটের ওই সংবাদ সম্মেলনে নোটবুক দেখে বক্তব্য পড়েন এবং সাংবাদিকদের তিনটি প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে নিজের স্বামীকে প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেও সমালোচনার জন্ম দেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রে আইন পেশায় তার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। ট্রাম্পসহ কয়েকজন তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিলেও বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বলেন, ‘আমি যখন চীনে ছিলাম।’

পরে বৃহস্পতিবার জাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। তবে এক বিবৃতিতে তিনি দাবি করেন, প্রয়োজনীয় যোগ্যতা নিয়েই চীনে আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইনচর্চা করেছেন তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন