অর্থনীতি

চার দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় কাটছাঁট

স্বর্ণের বাজারে দামের ওঠানামার মধ্যে এবার কিছুটা স্বস্তির খবর ক্রেতাদের জন্য। দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। চার দিনের ব্যবধানে এবার সেই দাম থেকে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলংকারের নকশা অনুসারে মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে এ কর আলাদাভাবে আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকারের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার বিক্রি ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ঘোষিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন