আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারত

রাতের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকাও। উত্তরাখণ্ডের পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। কেন্দ্রটির সর্বশেষ পর্যালোচিত তথ্যেও ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পের কম্পন চামোলির মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অনেকে।

দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন। তখন তার চোখের সামনেই সোফাটি নড়তে শুরু করে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের দৃশ্য এবং জিআইএফ প্রকাশ করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ ব্যবহার করে একজন রসিকতা করেন, ভূমিকম্পের মাত্রা পাঁচের নিচে থাকলেও দিল্লির মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে।

এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তবে চামোলির ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও ভূমিকম্পের পর প্রাণহানি বা সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়ার কথা জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন