বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, ফিরে এলো ১৪ মাস আগের দাম!
একসময় যে স্বর্ণের দাম ছুঁয়েছিল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতা, সেই স্বর্ণের বাজারেই এখন বিপরীত চিত্র। টানা দরপতনে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে ১৪ মাস আগের অবস্থানে। একদিনেই দাম কমেছে ৪ দশমিক ৩৩ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে।
শনিবার (২১ নভেম্বর) ‘গোল্ডপ্রাইস ডট অর্গ’ ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এমন পর্যায়ে ছিল।
গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যায়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম সব রেকর্ড ছাড়িয়ে ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছায়। তবে সর্বোচ্চ অবস্থান থেকে এখন বড় ধরনের দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশাও তৈরি হয়েছে। ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে স্বর্ণের গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, “ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব ধাতুর দাম কমছে।”
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন, “স্বর্ণ কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে স্বর্ণের এই ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই স্বর্ণের দাম কমার পেছনে ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ— এ তিনটি বিষয় ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় স্বর্ণের পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কিনতে শুরু করেছিলেন।”
যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের মতে, কম সুদের হার, ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বল অবস্থান—সব মিলিয়ে তখন স্বর্ণের বাজারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।
তিনি মনে করেন, স্বর্ণসহ অন্যান্য পণ্যে বিনিয়োগকারীদের জন্য ওই সময়টি ছিল বেশ সুবিধাজনক। সুদের হার কম থাকায় বিনিয়োগ থেকে তুলনামূলক ভালো আয় করা সম্ভব হচ্ছিল। অন্যদিকে নগদ অর্থ জমা রেখে উল্লেখযোগ্য মুনাফা পাওয়া যাচ্ছিল না। তাই অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অনেক বিনিয়োগকারী বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছিলেন।
আন্তর্জাতিক বাজারের এই দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুধু শুক্রবারই দাম কমানো হয়েছে প্রায় ১১ হাজার টাকা।
এতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। গত ১৩ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন দাম।
দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে গয়না কেনার আগ্রহ বাড়ছে। তবে আগের উচ্চমূল্যে স্বর্ণ কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য এই দরপতন বড় লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসি//