হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৩
দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং অন্যান্য স্থানে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এসময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮ জন, চট্টগ্রামে ২৭৩, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৪২ এবং রাজশাহীতে ২৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। এসময় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩২ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জন।
গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১০ জনের।
এমএ//