বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত দুজন হলেন—ইসমাইল হোসেন (৩৫) ও আব্দুল আলিম (৩৯)। ইসমাইলের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার বড়বালু গ্রামে এবং আব্দুল আলিমের বাড়ি একই থানার দেনোআলগা গ্রামে।
সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তাদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত দুই ভারতীয় নাগরিকের দাবি, রোববার দুপুর ২টার দিকে তারা সীমান্তসংলগ্ন আইরমারী চরে গরু চরাতে যাচ্ছিলেন। এ সময় ভারতের সালাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহ করে গুলি করেন। প্রাণভয়ে দৌড়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়া আইরমারী এলাকায় এসে পড়ে যান।
পরে আহত অবস্থায় স্থানীয় দুই মাঝি তাদের দেখতে পান। তারা দুজনকে উদ্ধার করে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
আহত আব্দুল আলিম বলেন, ‘আমরা দুজনই ভারতের বাসিন্দা। গরু চরাতে চরে যাওয়ার সময় বিএসএফ আমাদের গুলি করে আহত করে। আমাদের বাংলাদেশি গরু চোরাচালানকারী ভেবে গুলি করা হয়েছে। আহত অবস্থায় আমরা বাংলাদেশে চলে আসি। দুই মাঝি আমাদের উদ্ধার না করলে হয়তো আমরা মারা যেতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশে ফিরে যেতে চাই। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আমাদের আকুল আবেদন।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রামের কোনো সীমান্তে গুলির ঘটনা ঘটেনি। দুই ভারতীয় নাগরিক কোথায় ও কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে দুই ভারতীয় নাগরিকের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য দাপ্তরিকভাবে তাঁর কাছে পৌঁছায়নি। প্রয়োজনীয় যোগাযোগ বা নির্দেশনা এলে দাপ্তরিক নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ