দেশজুড়ে

প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ গাড়িতে তুলে দেয় পুলিশ : জিএমপি

ফাইল ছবি

শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরত আনার পথে পুলিশই তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে।  এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার এসব তথ্য জানান  ।

তিনি জানান, পুরান ঢাকার তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে একটি অপেক্ষমাণ প্রাইভেটকারে তুলে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা এস আই প্রবীর কুমার বিশ্বাস।

জিএমপি কমিশনার জানিয়েছেন,  এ ঘটনায় আসামি পলায়নে সরাসরি সহায়তার অভিযোগে প্রিজনভ্যানের এসকোর্ট ইনচার্জ সশস্ত্র উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, গাড়িচালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২৯ জন আসামিকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে হাজিরার জন্য নেওয়া হয়। আসামীদের ফিরিয়ে আনার পথে রাত সাড়ে ৮টার দিকে প্রিজন ভ্যানে থাকা এসকোর্ট ইনচার্জ এস আই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে ভ্যানের তালা খোলেন এবং পিচ্চি রাজা ও খাইরুল বাশার নামের দুই হাজতিকে বাইরে বের করেন। এরপর খাইরুল বাশারকে একটু স্বাচ্ছন্দ্যে যাতায়াতের কথা বলে ভ্যানের সামনের অংশে চালকের পাশে বসানো হয়। এরপর পিচ্চি রাজা ও এস আই প্রবীর আর ভ্যানে ওঠেননি।

ইসরাইল হাওলাদার বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে আগে থেকেই একটি প্রাইভেটকার অপেক্ষমাণ ছিল। সেখানে পিচ্চি রাজার বোন তাসলিমাসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় সাদা পোশাকে থাকা এস আই প্রবীর নিজে পিচ্চি রাজাকে ওই প্রাইভেটকারে তুলে দিয়ে পলায়নে সহায়তা করেন। এরপর বাকি ২৮ জন আসামিকে নিয়ে প্রিজনভ্যানটি কাশিমপুরের উদ্দেশে রওনা হয়।

তিনি জানান, এস আই প্রবীর পরবর্তীতে গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এসে আবার প্রিজনভ্যানে যুক্ত হন। এরপর কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর দায়িত্বরত পুলিশ সদস্যরা মূল ঘটনা গোপন করে দাবি করেন, বাইমাইল বা নাওজোড় এলাকায় পৌঁছালে আসামি পিচ্চি রাজা প্রস্রাব করার কথা বলে গাড়ি থেকে নামেন এবং সুযোগ বুঝে দৌড়ে পালিয়েছে।

এদিকে  ঘটনার আট দিন পার হয়ে গেলেও পলাতক শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন