দেশজুড়ে

সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (১৭ নবেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করার বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন