জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০১ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (০৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেয়া হয়েছে।

জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষককে যুক্ত করে মোট ১০১ জনকে এবার সম্মাননার জন্য নির্বাচন করা হয়। তবে তালিকাভুক্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে তার নাম সম্মাননার তালিকা থেকে বাদ দেয়ার বিধান রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এবার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা এই সম্মাননা পেয়েছেন।

প্রাথমিক পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ১০ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন এবং মাদ্রাসার ২ জন রয়েছেন।

মাধ্যমিক পর্যায়ে রয়েছেন ২০ জন। তাদের মধ্যে সাধারণ মাধ্যমিক শিক্ষার ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক।

কলেজ পর্যায়ে সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন ২৫ জন শিক্ষক। এর মধ্যে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন রয়েছেন।

সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পাচ্ছেন ২০ জন শিক্ষক। তাদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন।

এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে। এর মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন রয়েছেন।

কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষকও এ সম্মাননার তালিকায় রয়েছেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষকও পাচ্ছেন এই সম্মাননা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন