ঢাকার সব জায়গায় হকার বসতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
ঢাকা নগরীর সব এলাকায় হকারদের বসার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। আইন অমান্য করে উচ্ছেদ করা জায়গায় পুনরায় দোকানপাট বা স্থাপনা গড়ে তোলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (০৫ অক্টোবর) সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিটি করপোরেশনের প্রশাসক।
এ সময় মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।’
তিনি জানান, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি সুন্দর ও আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সিটি করপোরেশন। এ লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।
সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে সৌন্দর্যবর্ধন কার্যক্রমও শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এসি//