পদত্যাগ করলেন ঢাবির ৫ সহকারী প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পাঁচ প্রক্টর হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন।
তিনি জানান, পাঁচ জনের পদত্যাগপত্রই তার কাছে জমা হয়েছে।
নাম প্রকাশে অনইচ্ছুক এক সহকারী প্রক্টর বলেন, গতকাল মাগরিবের পর প্রক্টর তাকে ফোন করেছিলেন। এ সময় ওপরের দিক থেকে চাপ ও সার্বিক পরিস্থিতির কথা জানিয়ে তাদের পদত্যাগের অনুরোধ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন ‘আমার পক্ষ থেকে কোনও ধরনের চাপ আমি অনুভব করিনি। তাদের ওপর কোনও চাপ দেওয়া হয়েছে কি না, সেটি তারাই বলতে পারবেন। আমি এমনটা মনে করিনি।’
তিনি আরও বলেন, ‘সবকিছুতেই রাজনীতি খোঁজার কোনও প্রয়োজন নেই। বিভিন্ন কারণে কারও মধ্যে অভিমান বা দূরত্ব তৈরি হতে পারে। তবে সবকিছুকে রাজনৈতিকভাবে দেখার বিষয়টি ঠিক নয়।’
পদত্যাগের নেপথ্যে ওপর মহলের কোনও চাপ রয়েছে কি না জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন, ‘ওপর মহলের চাপ থাকার কোনও তথ্য তার জানা নেই।’
এমজে/এ