দেশজুড়ে

৬ বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুসলিমা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তার দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাড়ির আশপাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

সন্ধ্যার দিকে স্থানীয়রা শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পানের বরজের মালিক শেখ জাহাঙ্গীরের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিরাই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন