দেশজুড়ে

আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় ইমন (২৪) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাধা দিতে এলে অভিযুক্ত ইমন তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং অভিযুক্তের ৮ মাস বয়সী ভাতিজি ইসরাত।

স্থানীয়রা জানায়, মৃত ফরিদ মিয়ার ছোট ছেলে ইমনের পায়ের লিগামেন্টে সমস্যা ছিল। পরবর্তীতে তার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে তার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। রোববার দিবাগত রাতে ইমন ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া তাকে বাধা দেন। তাদের বাধার মুখে আত্মহত্যা থেকে পিছপা হন ইমন।

সোমবার সকালে ওই বিষয় নিয়ে ইমন তার মা ও ভাবিকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মা পেয়ারা বেগম ও ৮ মাস বয়সী ইসরাতকে কুপিয়ে জখম করেন। এ সময় বাধা দিতে এলে ভাবি রাবেয়াকেও কুপিয়ে আহত করেন ইমন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগম ও ইসরাতকে মৃত ঘোষণা করেন। রাবেয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন