দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল থানায়
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদের শেরে বাংলা নগর থানায় নেয়া হয় বলে জানিয়েছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, সন্ধ্যা ৭টার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাওলে আসে। এরপরে ন্যাম ভবনের ৫ নাম্বার বিল্ডিং এর ২০৩ নম্বর কক্ষে মরদেহটি দেখতে পায়। পরে তারা জানতে পারেন ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জন্য বরাদ্দকৃত।
ডিসি ইবনে মিজান জানান, পরে ফরেনসিক আলামতের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়। পুলিশের আলামত সংগ্রহের পর এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান হয়।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।
আই/এ