ন্যাম ভবন থেকে সাতক্ষীরার সেই এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
রোববাবার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি রুমের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কক্ষে প্রবেশ করেনি।
পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করার পর তারা রুমে প্রবেশ করবেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই তরুণী মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলাম নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
আই/এ